বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়িয়ে সাড়ে ৫ হাজার টাকা নির্ধারণ

কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে যে বহির্গমন ছাড়পত্র নিতে হয়, সেই সংক্রান্ত ‘কল্যাণ ফি’র পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন এই ফি ৩ হাজার ৫০০ টাকা থাকলেও এখন থেকে তা বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন এই ফি কার্যকর হবে।

রোববার (২২ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমানুপাতিক হারে বৃদ্ধি পাওয়ায় কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এছাড়া বর্তমান মুদ্রামান (ডলার) ও বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০১৫ সালে ধার্যকৃত ৩ হাজার ৫০০ টাকার ফি পুনর্নির্ধারণ করে ৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশগামী, বিদেশে অবস্থানরত বা বিমানবন্দর থেকে আদায়কৃত সব ক্ষেত্রেই এই নতুন ফি কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।