কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের অস্বস্তিকর পরিবেশ বজায় থাকলেও আজ বৃহস্পতিবার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কমে আসায় বৃষ্টিপাত কমে গিয়েছিল, তবে আজ দেশের কয়েকটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার আশা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দিনের তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি এবং ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

