চলতি মাসে ৩ লঘুচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই লঘুচাপগুলোর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। একই সঙ্গে এ মাসে দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয় ভাগে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করলেও, সামগ্রিকভাবে এ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নদ-নদীর স্বাভাবিক প্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের কিছু কিছু স্থানে পানি সমতল সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এছাড়া এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক শূন্য থেকে ৪ দশমিক শূন্য মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক শূন্য থেকে ৬ দশমিক শূন্য ঘণ্টা থাকতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।