দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন, ভার্চ্যুয়ালি যুক্ত রুবিও

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে নিযুক্ত ১১ জন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে এক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই ‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্স’–এর আয়োজক ছিলেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর। মঙ্গলবার অনুষ্ঠিত এই সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কো রুবিও নিজের এক্স হ্যান্ডলারে দেওয়া এক পোস্টে এই সম্মেলনের কথা জানান। তিনি বলেন, এর আগেও ভারতে আয়োজিত রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে তিনি ভার্চ্যুয়ালি অংশ নিয়েছিলেন। রাষ্ট্রদূত সার্জিও গর আয়োজিত এই সম্মেলনে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মিশনপ্রধানদের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমেরিকার নিরাপত্তা, শক্তি ও সমৃদ্ধি বাড়াতে তাদের রাষ্ট্রদূতেরা গর্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এই সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সোমবার রাতে দিল্লি গিয়েছেন।

এদিকে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কো রুবিওর আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে উজবেকিস্তান সফরের পরিকল্পনা রয়েছে। এই সফরে তাঁর সঙ্গে শতাধিক মার্কিন কোম্পানির প্রতিনিধিদের একটি ব্যবসায়ী দল থাকার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ উজবেকিস্তানের সঙ্গে গত এক দশকে যুক্তরাষ্ট্র সম্পর্কের গভীরতা বাড়িয়েছে এবং দেশটি বর্তমানে মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।