ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন

মানবাধিকার সুরক্ষা, ব্যক্তি-স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিদ্যমান আইনি কাঠামো সংশোধনের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তিনটি পৃথক বিল উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের কার্যসূচি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। পরবর্তীতে বিলগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন তৈরির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে এই কমিটিগুলোকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উত্থাপিত বিলগুলোর মধ্যে রয়েছে বহুল আলোচিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। এই বিলের মূল উদ্দেশ্য হলো গুম প্রতিরোধ করা, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান করা। বিলটি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এদিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দুটি বিল উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’, যা ২০০৯ সালের বিদ্যমান আইনটি রহিত করে নতুন করে প্রণয়নের উদ্দেশ্যে আনা হয়েছে। বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এছাড়া, ১৮৮২ সালের বিদ্যমান ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’ সংশোধনের লক্ষ্যে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ উত্থাপন করেন আইনমন্ত্রী। এই বিলটিও অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।