মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে চোর সন্দেহে মো. শাহিন (১৪) নামের এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা পুলিশের নজরে আসে এবং এরপরই টংগিবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।
পুলিশ উপজেলার নিতিরা গ্রামে মতিউর রহমান মাঝির বাড়ির সামনে থেকে নির্যাতিত কিশোর শাহিনকে উদ্ধার করে এবং তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। জানা গেছে, ২৬ জুলাই রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মতিউর রহমান মাঝি (৫০) ও উজ্জ্বল মাঝি (৪৫)-কে আটক করে।
থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম জানান, রোববার সকাল ৬টার দিকে ওই এলাকার একটি বসতঘর থেকে একটি রিয়েলমি মোবাইল ফোন চুরি হয়। চোর সন্দেহে শাহিনকে গাছে বেঁধে রাখা হয়েছিল। ভুক্তভোগী কিশোর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে এবং বর্তমানে সে টংগিবাড়ীর নিতিরা গ্রামে গণি শেখের বাড়িতে ভাড়া থাকে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

