জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

জাতীয় গ্যাস গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি থেকে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ শুরু হয়।

রাত ৮টার দিকে ইমেইলের মাধ্যমে সামিটের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ধাপে ধাপে গ্যাসের সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালটির পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দেশে চলমান গ্যাস সংকটের এই সময়ে সামিটের এই অতিরিক্ত সরবরাহ শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এটি জ্বালানি ব্যবস্থার ওপর থাকা বর্তমান চাপ কিছুটা লাঘব করতে সহায়ক হবে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনালের কারিগরি সক্ষমতা এবং জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো মাথায় রেখে তারা সর্বোচ্চ পরিমাণ গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে প্রতিষ্ঠানটি। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্যাস সংকট কমাতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে তারা কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছে সামিট।