কুমিল্লায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনের (২৫) উপস্থিতি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে দুজনের মধ্যে মিছিলে রতনের উপস্থিতি এবং তাঁকে নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে কথা বলতে শোনা যায়।
আজ বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ভিডিওটিতে রতনের চেহারা দৃশ্যমান ছিল না। লাউডস্পিকারে কথা বলার সময় তিনি পাশের অন্য একজনকে দিয়ে ভিডিওটি ধারণ করিয়েছেন। ভিডিওতে তাঁর পাশে এক তরুণীকেও কথা বলতে শোনা গেছে। ছাত্রদল নেতা মহসিনের দাবি, কথোপকথনটি গত শনিবার হয়েছে। গণমাধ্যমে ‘ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর রতন তাঁকে কল করেছিলেন বলে মহসিন জানিয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিলে মহসিনের ঠিক পেছনে রতনকে দেখা যায়। এ নিয়ে সমালোচনা শুরু হলে ২৮ সেপ্টেম্বর মহসিন সংবাদ সম্মেলন করে দাবি করেছিলেন, রতনের সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। তিনি রতনকে চেনেন না বলেও দাবি করেছিলেন। তবে নতুন ছড়িয়ে পড়া ফোনালাপে দেখা যায়, মিছিলে রতনের উপস্থিতি ও তাঁকে নিয়ে সংবাদ প্রকাশের বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন।
ফোনালাপে রতনকে বলতে শোনা যায়, তিনি রুবেল ভাইয়ের প্রোগ্রামে গিয়েছিলেন। স্থানীয় সূত্রমতে, রুবেল বলতে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম ওরফে রুবেলকে বোঝানো হয়েছে। মহসিন ও রুবেল একই এলাকার বাসিন্দা এবং আগে একই রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আতিক সেলিম জানান, তিনি মহসিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে মিছিলে মহসিন কাকে নিয়ে এসেছেন বা রতন কীভাবে এসেছে, সে বিষয়ে তাঁর কোনো দায় নেই বলে তিনি মন্তব্য করেন।
ফোনালাপের বিষয়ে মহসিন দাবি করেন, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এদিকে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং তারা এটি খতিয়ে দেখছেন। কেন্দ্রীয় নেতাদের বিষয়টি জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারও জানিয়েছেন, ভিডিওটির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

