দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যে সুযোগ তৈরি হয়, ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো সময় যখন দুই দেশের সরকারপ্রধান কথা বলেন ও দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে। সেই সুযোগ এখনো রয়ে গেছে এবং ভারত যেন সেই সুযোগের সদ্ব্যবহার করে, সেটিই প্রত্যাশা করেন তিনি।
জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, ভারতের মাটিতে বসে একজন সাজাপ্রাপ্ত আসামির কথা বলা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় না এবং নেয় না। জুলাইয়ের কথা এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই সংবেদনশীল হতে হবে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসবেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব। ভারত যেন বিষয়টি মনে রাখে, সেটাই প্রত্যাশা সরকারের।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান ও ভারত সফর নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সেটার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। দুই দেশের সুবিধাজনক সময়ে আলোচনার মাধ্যমেই সফরের বিষয়টি চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কাজে ব্যস্ত আছেন এবং ভারত সফরসহ অন্যান্য দেশে সফরের কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি।

