নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলের পলিসি পরিবর্তন জরুরি: শামা ওবায়েদ

নারীদের এগিয়ে নিতে এবং নেতৃত্বের আসনে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও পলিসিগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেছেন যে, এই ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়া নারীদের প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে 'তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার' শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দেশে দীর্ঘদিন ধরে নারী প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করলেও সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়ন এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্বের হার প্রায় শূন্যের কোঠায়। তিনি মনে করেন, যদি এসব তৃণমূল পর্যায়ে নারীদের মনোনয়ন দেওয়া হতো, তবে তারা ধাপে ধাপে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে পারতেন।

রাজনৈতিক দলগুলোর কার্যপদ্ধতির সমালোচনা করে তিনি আরও বলেন, একটি নির্বাচনী আসনে যদি তিনজন প্রার্থী থাকে এবং তাদের মধ্যে একজন নারী হন, তবে তাকে কখনোই যথাযথভাবে প্রমোট করা হয় না। পদে পদে বাধা থাকা সত্ত্বেও নারীদের সেসব উপেক্ষা করে সাহসের সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।