পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত

দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মতো গুরুতর অভিযোগে পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়, যিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। এছাড়া ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এবং অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতির কারণেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

তালিকায় থাকা নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানকে ঘুস গ্রহণের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি একজনকে এসআই পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করেন এবং তার অ্যাকাউন্টে সাড়ে ৫ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু চাকরি না হওয়ায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলেও তিনি তা দেননি। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া নির্ধারিত সময়ে কাজে যোগদান না করায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে, যিনি ২০২৫ সালের ৯ মার্চ থেকে অনুপস্থিত ছিলেন। একই তালিকায় রয়েছেন পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ, যিনি ২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটিতে গিয়ে আর কর্মস্থলে যোগ দেননি।

ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগে পুলিশের ৭ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।