সাভারে মাদ্রাসায় ৭ বছরের শিশুকে ৬ মাস ধরে যৌন নির্যাতন, শিক্ষকসহ গ্রেপ্তার ৫

সাভারের একটি মাদ্রাসায় ৭ বছর বয়সী এক শিশুকে টানা ছয় মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভারের একটি মাদ্রাসায় গত ফেব্রুয়ারি মাস থেকে এই নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ১০ জনের বিরুদ্ধে মামলা করার পর পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক শিক্ষার্থী শিশুটিকে জোর করে টয়লেটে নিয়ে প্রথম ধর্ষণ করে। এরপর ২৪ ফেব্রুয়ারি সকাল ছয়টায় আরেক শিক্ষার্থী শিশুটিকে টয়লেটে ঢুকিয়ে ধর্ষণ করে। এভাবে পর্যায়ক্রমে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী শিশুটিকে যৌন নির্যাতন করে। সহপাঠীদের হাত থেকে বাঁচতে শিশুটি মাদ্রাসার এক সহকারী শিক্ষকের শরণাপন্ন হলে, উল্টো সেই শিক্ষকও গত ৪ জুলাই মধ্যরাতে তাকে ধর্ষণ করেন এবং পরবর্তীতে এই নির্যাতন অব্যাহত রাখেন।

নির্যাতনের শিকার শিশুটি অন্য শিক্ষকদের কাছে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পায়নি। গত ৫ জুলাই অন্য এক সহকারী শিক্ষককে বিষয়টি জানালে তিনি উল্টো শিশুটিকে বেত দিয়ে পেটান এবং বাবা-মাকে বললে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরদিন আরেক সহকারী শিক্ষকও তাকে মারধর করেন। এছাড়া মক্তব বিভাগের প্রধানের কাছে অভিযোগ করলেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি। আর মাদ্রাসার মুহতামিম (পরিচালক) কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শিশুটির বাবা সাভারের একটি পোশাক কারখানার শ্রমিক। তিনি জানান, গত ১৫ আগস্ট রাতে বিষয়টি জানতে পেরে তিনি মাদ্রাসার পরিচালকের কাছে যান। পরিচালক তাকে থানায় মামলা না করতে অনুরোধ করেন এবং বিচারের আশ্বাস দেন। কিন্তু পরদিন ১৬ আগস্ট মাদ্রাসায় গেলে পরিচালক জানান যে আসামিদের জুতাপেটা করে তাড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ১৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ২০ আগস্ট চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির বাসায় তার বাবার সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি জানান, ধারদেনা করে ছেলের চিকিৎসা করালেও এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে।

গত ২৩ আগস্ট ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মাদ্রাসার পরিচালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। মামলায় পাঁচ শিক্ষার্থী ও পাঁচ শিক্ষককে আসামি করা হয়েছে। এ বিষয়ে মাদ্রাসার পরিচালক মোবাইল ফোনে দাবি করেন, ছয় মাস ধরে এমন ঘটনা বাবা-মাকে না জানানো অবান্তর মনে হচ্ছে। তবে তদন্তে অপরাধ প্রমাণিত হলে তিনি বিচারের পক্ষে।

এদিকে ২ সেপ্টেম্বর বিকেলে সাভারের মাদ্রাসাটিতে গিয়ে দেখা যায়, মাদ্রাসার মসজিদ এবং দুটি ভবনে ছাত্ররা পড়ছে। মামলার ৩ ও ৫ নম্বর আসামি দুই কিশোরকে পাওয়া যায় সেখানে। ৩ ও ৫ নম্বর আসামি প্রথম আলোর কাছে দাবি করে, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

এদিকে মামলা দায়েরের পর পুলিশ ঢাকা, বরগুনা, ভোলা, সিরাজগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২, ১৩ ও ১৫ বছর বয়সী তিনজন মাদ্রাসাছাত্র এবং বাকি দুজন শিক্ষক। সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান জানান, গ্রেপ্তারকৃতদের কয়েকজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে।