প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৫২। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা স্টুডিওর ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরা এবং বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতিসহ কক্ষের অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। একই সঙ্গে স্টুডিওর আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে তছনছ করা হয়েছে। তবে এই ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সালমান মুক্তাদিরের দাবি, চাঁদা না দেওয়ার কারণেই তার স্টুডিওতে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

