কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার রাত এবং আজ রোববার সকালের মধ্যে তাঁদের আটক করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম জানিয়েছেন, ঘটনাটি জমি নিয়ে বিরোধের জের ধরে ঘটেছে। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধ চলছে এবং সেই বিরোধের কারণেই এই হামলা হয়েছে। পুলিশ স্পষ্ট করেছে যে, এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয় এবং সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি।
এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের কথা জানান সালমান মুক্তাদির। রাতেই তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে কর্মীদের কাঁদতে দেখা গেছে এবং সালমানকে বলতে শোনা যায়, 'একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।'
এদিকে, সালমান মুক্তাদিরের স্টুডিওতে এই হামলার ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছে এবি পার্টি।

