রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি, প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৫৫ | নানা বিতর্কিত কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগে অবশেষে কুড়িগ্রামের রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড রাফিউর রহমানকে বদলি করা হয়েছে। বুধবার কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বদলির এই বিষয়টি নিশ্চিত করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বদলি হওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ রয়েছে। জানা গেছে, গত ২৭ আগস্ট এক ভূমি মালিকের নামজারি মঞ্জুর করার পর কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ৩১ আগস্ট তা বাতিল করে দেন তিনি। এছাড়া ঘুষ না দেওয়ায় একজনের জমি অন্যজনের নামে খারিজ করে দেওয়া, চেইনম্যানকে কানুনগো সাজিয়ে ঘুষের বড় বাণিজ্য চালানো, অফিসে সালাম না দেওয়ায় সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মানুষকে বিনা কারণে হয়রানি করার মতো অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিতর্কিত এই এসিল্যান্ডের বদলির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ভুক্তভোগীদের মাঝে স্বস্তি নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। ফেসবুকে জাকিরুল নামে এক ব্যক্তি লিখেছেন, “এই ঘুষখোর এসিল্যান্ডকে জুতা পিটা করার উচিত ছিল রৌমারী উপজেলা জনগণের, কিন্তু পারল না।” অন্যদিকে, স্থানীয় এক জ্যেষ্ঠ সাংবাদিক মন্তব্য করেছেন, “স্বাধীনতার পর সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের মত বেয়াদপ, জঘন্য ও ঘুষখোর কোনো কর্মকর্তা আসেনি রৌমারীতে।”
এসব অভিযোগ ও বদলির বিষয়ে বক্তব্য জানতে রৌমারী উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

