রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (এনপিপি) ১ ও ২ নম্বর ইউনিটে স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এপিসিএস (APCS) স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম। বিদ্যুৎ উৎপাদন শুরুর শেষ মুহূর্তের এই প্রস্তুতিতে চলতি মাসেই পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি শুরুর অনুমোদন এবং প্রথম ইউনিটের অতিরিক্ত ইউরেনিয়াম প্রকল্পে পৌঁছানোর ঘটনা বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
প্রকল্পের সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের প্রথম কোনো প্রকল্প হিসেবে রূপপুরে আধুনিক ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (OISS) বাস্তবায়ন করা হচ্ছে। রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (রাসু) সরবরাহকৃত এই ব্যবস্থার আওতায় ৪৩টি সিস্টেম ও প্রায় ২০ হাজার সরঞ্জাম রয়েছে। এই প্রযুক্তি চুল্লির স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ সাত হাজারেরও বেশি প্রক্রিয়াগত প্যারামিটার নিয়ন্ত্রণে সহায়তা করবে, যা কেন্দ্রটির নিরাপদ ও দক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যুৎ ইউনিটের একটি ডিজিটাল টুইন ব্যবহার করে তৈরি ওআইএসএস ইতোমধ্যে ১ নম্বর ইউনিটে সংযুক্ত করা হয়েছে এবং চালুকরণ কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। একই ব্যবস্থা ২ নম্বর ইউনিটেও স্থাপন করা হবে। এই সিস্টেমটি ৩৬০টি প্রক্রিয়াগত সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন বিচ্যুতি শনাক্ত করে এবং ৮০টিরও বেশি নির্দেশনার মাধ্যমে অপারেটরদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে। রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, এটি রাশিয়ার বাইরে রোসাটমের কোনো বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ওআইএসএস বাস্তবায়ন। এর ফলে পরিচালন ব্যয় হ্রাস পাবে এবং জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমে আসবে।
প্রকল্পটিতে তৃতীয় প্রজন্মের প্লাস প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ পারমাণবিক চুল্লি রয়েছে। এর আগে ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দেয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার গাইডলাইন মেনে ‘বি-ওয়ান’ ধাপের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে ‘বি-টু’ ধাপে চুল্লিকে চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরির জন্য প্রস্তুত করা হচ্ছে। এই ধাপ সফল হলে স্থায়ীভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
পরীক্ষা শেষে উৎপাদিত বিদ্যুৎ ধাপে ধাপে ৩০০ মেগাওয়াটে উন্নীত করা হবে এবং তখনই জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। ইতিমধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রথম ইউনিটের অতিরিক্ত ইউরেনিয়াম প্রকল্পে আনা হয়েছে। রোসাটমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য মোট ২০০টিরও বেশি জ্বালানি অ্যাসেম্বলি পৌঁছাবে। সেফটি ভালভের উচ্চ-চাপ পরীক্ষা সফল হওয়ার পর ফিশন রিঅ্যাকশন শুরু হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডিসেম্বরের মধ্যেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা সম্ভব হবে।
রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটিতে তৃতীয় প্রজন্মের প্লাস (জেনারেশন ৩+) প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ (VVER-1200) পারমাণবিক চুল্লি রয়েছে।
রোসাটম জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য মোট ৯টি চালানে ২০০টিরও বেশি জ্বালানি অ্যাসেম্বলি আনা হচ্ছে, যার সবটির সরবরাহ সম্পন্ন হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। এর আগে ২০২৩ সালে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের যে জ্বালানি আনা হয়েছিল, তা চলতি বছরের মে মাসে পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।

