রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম (এপিসিএস) বা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে আধুনিক অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) চালু করা হয়েছে। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ ধরনের আধুনিক প্রযুক্তি বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) থেকে সরবরাহ করা এই এপিসিএসে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে, যা ৪৩টি সিস্টেমের অধীনে কাজ করবে। এসব যন্ত্রপাতির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের চুল্লির স্থিতিশীলতাসহ বিভিন্ন প্রক্রিয়ার সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা কেন্দ্রটির পরিচালনায় নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করবে।

প্রকল্পটি পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, ওআইএসএস এই নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আরএএসইউ বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করেছে। প্রথম ইউনিটে সিস্টেমটি সংযুক্ত করার পর চালুর প্রস্তুতিমূলক কার্যক্রমে এটি সক্রিয় ভূমিকা রাখছে এবং দ্বিতীয় ইউনিটেও একই প্রযুক্তি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সূত্র জানায়, ওআইএসএস প্রায় ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে যেকোনো সম্ভাব্য বিচ্যুতি তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম। এছাড়া জরুরি পরিস্থিতিতে অপারেটরদের করণীয় সম্পর্কে পরামর্শ দিতে এতে ৮০টিরও বেশি নির্দেশিকা যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে জটিল পরিচালনসংক্রান্ত তথ্য সহজভাবে উপস্থাপন করা হবে, যা নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর প্রকল্প রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতার অন্যতম বৃহৎ উদ্যোগ এবং আধুনিক স্বয়ংক্রিয়করণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এটি একটি অগ্রণী পদক্ষেপ। তিনি আরও উল্লেখ করেন, এই নতুন ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় উল্লেখযোগ্য হারে কমাবে এবং পরিচালন ব্যয় হ্রাসের পাশাপাশি নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের জন্য নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করবে। জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যার নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।