রূপপুর প্রকল্পে কর্মরত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রূপপুর প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারের স্নিগ্ধা বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেনা সদস্যের নাম সজীব মোল্লা (২৭)। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওড় উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। সজীব মোল্লা গত ৮-৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

প্রাথমিক তথ্যানুযায়ী, শনিবার ডিউটি শেষে সজীব নিজের কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও রশি ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি জানাজানি হলে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত হয়।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, পুলিশ ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে। পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত বিষয় তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে।