চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব আজিমপুর এলাকায় প্রবাসী মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ নুরুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় ডাকাতরা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কটিও খুলে নিয়ে যায়। ভুক্তভোগী প্রবাসী নুরুল ইসলাম রুবেল জানান, ঘটনার সময় ডাকাতরা প্রথমে নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিয়েছিল। পরবর্তীতে তারা বুঝতে পারেন যে তারা আসলে ডাকাত। এ সময় তিনি বাধা দিতে গেলে ডাকাতরা তাকে মারধর করে। তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র ছিল বলেও তিনি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

