দেশের ১১টি জেলায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেলের মধ্যে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিন সবচেয়ে বড় দুটি দুর্ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায়, যেখানে চার নারীসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ ও যশোরে পৃথক দুর্ঘটনায় আরও এক নারীসহ ৮ জন প্রাণ হারিয়েছেন।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া নামক স্থানে সারবোঝাই একটি ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হন।
নওগাঁর পত্নীতলা উপজেলায় বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এছাড়া বিকেল ৬টায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এক কারখানা শ্রমিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া ফিরোজ কাজীর পুকুর সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হন। একই সময়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উশিয়া মানা বে ওয়াটার পার্কের সামনে একটি লং হেভিকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল চালক মারা যান।
এছাড়া দুপুরে যশোরের বেনাপোল ভবেরবেড় এলাকায় বাইপাস সড়কে লোহার গ্রিল বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক নিহত হন। একই সময়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

