সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু

বৃহস্পতিবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় মোট ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় চারজন করে মোট আটজন নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আরও ১০ জন প্রাণ হারিয়েছেন।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী জিপ ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জসিম উদ্দিন, শাহেদ, জিয়াবুল হক ও রফিক। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঈদগাঁও থেকে চকরিয়ার দিকে যাওয়ার সময় বাসটি জিপকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

নেত্রকোনার পূর্বধলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দেশের অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ১০ জন প্রাণ হারিয়েছেন। নওগাঁয় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শ্যামল তিগ্গা এবং মহাদেবপুরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে সেনা সদস্য আল যোবায়ের নিহত হয়েছেন। বগুড়ায় অটোরিকশার যাত্রী বিএনপি নেতা হেলাল উদ্দিন গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। ফেনীর ছাগলনাইয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী জুয়েল দাস এবং টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু যোগমায়া প্রাণ হারিয়েছেন।

এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক রেজাউল আলম, মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক আশরাফুল, কুমিল্লার চান্দিনায় যুবক মহিউদ্দিন রনি, ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী জান্নাতী আক্তার এবং গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন।