আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘ওপেন সিক্রেট’: রাশেদ খান

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে নতুন করে সরব হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ এনসিপির ভেতরে একটি ‘ওপেন সিক্রেট’ বিষয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আসিফ মাহমুদ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন—এমন বক্তব্যের সঙ্গে তিনি একমত পোষণ করেন না।

ফেসবুক পোস্টে রাশেদ খান ঢাকা-১০ আসন নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আলোচনার প্রসঙ্গ টেনে আনেন। তার দাবি, এনসিপি নেতা নাহিদ ইসলাম বিষয়টি নিয়ে অনেকের কাছে আক্ষেপ করেছিলেন। রাশেদ খানের ভাষ্যমতে, এনসিপি আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসনটি চেয়েছিল, কিন্তু আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও বিতর্কের দায় নিতে অনাগ্রহী হওয়ায় জামায়াতে ইসলামীর আমির সেই প্রস্তাবে রাজি হননি। তিনি আরও দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে জামায়াতের আমিরের সঙ্গে যোগাযোগ করলেও তিনি আসিফ মাহমুদের জন্য কোনো ছাড় দিতে অস্বীকৃতি জানান। প্রয়োজনে আরও কয়েকটি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও জামায়াত আসিফ মাহমুদের বিষয়ে কোনো সমঝোতায় যেতে চায়নি।

আসিফ মাহমুদের আর্থিক অবস্থার পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলেছেন রাশেদ খান। তিনি দাবি করেন, খুব অল্প সময়ের জন্য উপদেষ্টার দায়িত্ব পালন করলেও আসিফ মাহমুদের আর্থিক অবস্থার যে পরিবর্তন হয়েছে, তা প্রশ্নবিদ্ধ। রাশেদ খান অভিযোগ করেন, আসিফ মাহমুদ একজনকে বড় অংকের অর্থ প্রদান করেছিলেন, যা তিনি ব্যক্তিগতভাবে জানেন। বিষয়টি একজন উপদেষ্টাকে জানালে তিনিও বিস্ময় প্রকাশ করেছিলেন বলে রাশেদ খান দাবি করেন।

বুধবারের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের পাশে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তার মতে, দলের ভেতরেই এসব অভিযোগ নিয়ে আলোচনা রয়েছে। তিনি আরও বলেন, ওমরাহ পালনের পর আসিফ মাহমুদের উচিত ছিল অতীতের ভুল থাকলে তা স্বীকার করে দুঃখপ্রকাশ করা। তবে নিজের কাছে থাকা তথ্যের ভিত্তিতে তিনি দাবি করে যাবেন যে, আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।