রাঙামাটির রাজস্থলীতে মাদক কারবারি যুবলীগ নেতা মাসুম তালুকদার আটক

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও মাদক কারবারি যুবলীগ নেতা মাসুম তালুকদারকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি চৌকস দল তাকে আটক করতে সক্ষম হয়। আটক মাসুম ওই ইউনিয়নের শফিপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত মাসুম তালুকদার ওরফে ছোট মাসুম বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং রাঙামাটি সদর থানার একাধিক মামলার আসামি মাসুম তালুকদার ওরফে ছোট মাসুমকে গ্রেফতার করেছে। তাকে চন্দ্রঘোনা থানা ও রাঙামাটি কোতোয়ালি থানার মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।