পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ: নাশকতায় উস্কানির অভিযোগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৮ জন শিক্ষক ও কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো এবং নাশকতামূলক কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার গুরুতর অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এই নোটিশটি গত ১৮ আগস্ট ইস্যু করা হয়। এতে অভিযুক্তদের বিরুদ্ধে গুরুদণ্ডমূলক অপরাধের অভিযোগ উত্থাপন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।

শোকজ পাওয়া শিক্ষক ও কর্মকর্তারা হলেন—প্রফেসর ড. মো. জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো. ওয়াজ কুরনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মো. শামীম খান এবং সাময়িক বরখাস্তকৃত সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে জুলাইবিরোধী অবস্থানে থাকা এবং বিগত সরকারের আমলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান থাকা অবস্থায় পুনরায় নতুন করে নাশকতায় উস্কানির মতো গুরুদণ্ডমূলক অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

ক্যাম্পাসে আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্নীতি, অনিয়মসহ যেকোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রশাসন বদ্ধপরিকর।