আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দুই দিনের সফরে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লিতে এখন জোর প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী সফরটি সম্পন্ন হলে এটিই হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভারত সফর। দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই সফরকে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সফরের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত বিষয় এখনো চূড়ান্ত না হলেও তা নিয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সফরটি দুই দিনের দ্বিপাক্ষিক কর্মসূচি হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও কানেক্টিভিটি, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের অধিবেশনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত।

