দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাত সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজন করা হবে।
বুধবার বিকেলে সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশন ও সংসদ উভয়ের সম্মতিতে নির্বাচন শুরুর ৫ মিনিট আগে ভোটের লাইভ টেলিকাস্ট শুরু করা হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ভোট দেওয়ার মুহূর্তগুলো সরাসরি সম্প্রচার করা হবে। এরপর ভোটগ্রহণ শেষ হওয়ার ৫ মিনিট আগে আবারও লাইভ সম্প্রচার শুরু হবে এবং ফলাফল ঘোষণা সরাসরি দেখানো হবে।
সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। চিফ হুইপ জানান, তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ফসল হিসেবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে। সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অপর প্রার্থী হলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোট মনোনীত কর্নেল (অব.) অলি আহমেদ। এর আগে ১৯৯১ সালের ৮ অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আব্দুর রহমান বিশ্বাস জয়ী হয়েছিলেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ ভবনে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে একথা জানান।
বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভার কার্যক্রম শুরু হয়। শেষ হয় ৪টা ৪০ মিনিটে।

