আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে গ্যাস সরবরাহ ব্যবস্থার প্রায় ৮৮ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি ১২ শতাংশ স্বাভাবিক করার কাজ চলমান রয়েছে। একটি এফএসআরইউ মেরামতের পর সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রক্ষণাবেক্ষণের কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বর্তমানে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে নেই। এছাড়া বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়লাবাহী লাইটারেজ জাহাজ আনা ব্যাহত হচ্ছে, যা আবহাওয়া স্বাভাবিক হলে কেটে যাবে। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রেও কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সরকার আশা করছে, আগামী ১৫ সেপ্টেম্বরের পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।
জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে মানুষের কষ্টের বিষয়টি সরকার সমব্যথী। জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে এবং বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় ফিরলে শিল্পকারখানা ও গৃহস্থালি পর্যায়ে বিদ্যুতের ভোগান্তি কমে আসবে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের এক বিলিয়ন ডলার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের চুক্তি সই হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ক্রুড অয়েল পরিশোধন সক্ষমতা তিন গুণ বাড়বে। বছরে ৪৫ লাখ মেট্রিক টন তেল পরিশোধন সম্ভব হবে, যা দেশের মোট জ্বালানি চাহিদার ৫০ শতাংশের বেশি মেটাতে সক্ষম হবে এবং জ্বালানি নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে। যদিও ডিপিপি অনুযায়ী ২০৩০ সালে এটি চালুর কথা, তবে সরকার নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা করবে বলে তিনি আশ্বস্ত করেন।

