সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতা ও গণপিটুনিতে নিহত ১৩

দেশের বিভিন্ন স্থানে গত সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতার ৬৮টি ঘটনায় চারজন নিহত হয়েছে এবং ৫২৭ জনের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছে। মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি' (এইচআরএসএস) তাদের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ৩৫টি গণপিটুনি বা মব সহিংসতার ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই ঘটেছে ৩৫টি ঘটনা, যেখানে একজন নিহত ও অন্তত ৩৪০ জন আহত হয়েছে। এছাড়া বিএনপি-জামায়াতের মধ্যে সাতটি সংঘর্ষে ৬১ জন, বিএনপি ও নিষিদ্ধ দল আওয়ামী লীগের মধ্যে ছয়টি সংঘর্ষে একজন নিহত ও ৪২ জন আহত হয়েছে। জামায়াত-আওয়ামী লীগের দুটি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বিএনপি-এনসিপির মধ্যে তিনটি সংঘর্ষে ১৬ জন এবং বিভিন্ন দলের মধ্যে সাতটি সংঘর্ষে আরও ৫০ জন আহত ও একজন নিহত হয়েছে। সামগ্রিকভাবে রাজনৈতিক সহিংসতায় নিহত চারজনের মধ্যে আওয়ামী লীগের দুজন, বিএনপির একজন ও জামায়াতের একজন রয়েছেন।

এ সময়ে ২৩৬ জন নারী ও কন্যাশিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে অন্তত ৭৯টি, যার ৬০ শতাংশ বা ৪৭ জনই অপ্রাপ্তবয়স্ক। ১৩ জন নারী ও শিশু গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর পাঁচজনকে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় আরও ৪৩ জন নারী প্রাণ হারিয়েছেন। এছাড়া মাসজুড়ে নানা সহিংসতায় ৭৮ জন শিশু মারা গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ৬৩টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ও বিশেষ অভিযানে ২৮৭টি ঘটনায় অন্তত ২১ হাজার ২০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন কারাগারে ২১ জন বন্দির মৃত্যু হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও নির্যাতনে মারা গেছেন আরও তিনজন। এছাড়া পরিত্যক্ত স্থান ও নদী-খাল থেকে উদ্ধার করা হয়েছে ৬৯টি লাশ। ৩৫ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সামাজিকমাধ্যমে মতপ্রকাশে বাধা, মব সহিংসতা ও কারা হেফাজতে মৃত্যু নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছে। মানবাধিকার রক্ষায় সরকারকে দ্রুত জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।