পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিজ নিজ এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্কিং করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়াতে বলা হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে বোমা পাওয়া যায়। এর পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে একটি বস্তা পড়ে থাকা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সর্বশেষ শনিবার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক ব্যাগ ও বস্তু পাওয়া যায়। যদিও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল পরীক্ষা করে সেগুলোতে বিস্ফোরক থাকার প্রমাণ পায়নি।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, জনমনে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিরাপত্তা নিশ্চিত করার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুলিশকে সক্রিয় রাখতেই এমন সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে।

