পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের শীর্ষ একাধিক পদে রদবদল

বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশসহ (জিএমপি) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনটিতে সই করেছেন।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবির ডিজি এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থায় পাঠানো হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলে জিএমপির নতুন কমিশনার করা হয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদকে। একই সঙ্গে রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

একই দিনে জারি করা আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার (এসপি) পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। এতে নীলফামারী জেলার এসপি ফরহাদ হোসেন খাঁনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, মুন্সিগঞ্জের এসপি মেনহাজুল আলমকে নীলফামারীর এসপি এবং এসআরবির এসপি মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জের এসপি করা হয়েছে। পাশাপাশি জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে, বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরে এবং এসআরবির এসপি কে এম এ মামুন খানকে বরগুনার নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।