ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব শেষে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ছয় মাসে পুলিশে নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ ছাড়াই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, মাদক নির্মূলে ইতিমধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ট্রাইব্যুনাল গঠন এবং এখতিয়ারসম্পন্ন আদালত গঠনের মতো বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়। মন্ত্রণালয় জানায়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৩১ হাজার ৯৯ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা। এছাড়া ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের জন্য বিস্তারিত বাজেট ও ব্যয় বিভাজন তথ্যও কমিটির সামনে পেশ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সংসদীয় কমিটির পক্ষ থেকে এসব কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও তদারকি অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

