দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর শেরেবাংলা নগরে অবস্থিত বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তিনি সমাধিস্থলে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা ও মায়ের কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি সেখানে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। জিয়ারত পর্ব শেষ করে তিনি গুলশানে নিজের কার্যালয়ে ফিরে যান, যেখানে তিনি মাগরিবের নামাজ আদায় শেষে একটি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন।
এর আগে, ওইদিন দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ প্রক্রিয়ার শুরুতেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা পর্যায়ক্রমে তাদের ভোট প্রদান করেন।

