শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। নিজের এক সময়ের এই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান যেন তারা নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করে তোলেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তরুণদের ঐক্যবদ্ধ শক্তির প্রশংসা করেন। তিনি বলেন, 'তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?' তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে বড় পরিবর্তন আনা সম্ভব, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে কেবল আন্দোলন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এ সময় ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাতাস ক্রমেই দূষিত হচ্ছে, যা শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সরকার দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগ নিলেও তরুণদের অংশগ্রহণ ছাড়া তা পুরোপুরি সফল করা সম্ভব নয়।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেন, 'তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন- দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।'

