জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর এই বিশ্বমঞ্চে তিনি বাংলায় ভাষণ দেবেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াও এই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রেখেছিলেন। ফলে তারেক রহমানের এবারের অংশগ্রহণকে জিয়া পরিবারের জাতিসংঘ-সম্পৃক্ততার ধারাবাহিকতায় একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। এছাড়া এবারের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতির দায়িত্ব পালন করছেন, যা বাংলাদেশের জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। ওই দিন তিনি বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিবের দেওয়া স্বাগত প্রাতঃরাশ এবং সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া এক অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। পরদিন ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এরপর ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেন আয়োজিত বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলাবিষয়ক সভায় বক্তব্য দেবেন এবং জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত জলবায়ুবিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন।

২৪ সেপ্টেম্বর সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলাবিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর ও জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। একই দিন বিকেলে সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, আইনের শাসন, বিশ্ব শান্তি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

সফরকালে বাংলাদেশ দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী। আর ২৪ সেপ্টেম্বর মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক আরেকটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি। অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

এছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূতসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তুলে ধরবেন তিনি। সফর শেষে তুলনামূলক ছোট প্রতিনিধিদল নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।