রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে তিনি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সফরসূচি অনুযায়ী, কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কিছু কর্মসূচিতে তিনি অংশ নেবেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানিয়েছেন, এবারের মৎস্য পক্ষের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণ। এরপর দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকাল সোয়া ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ সার্কিট হাউসে বিরতি নেবেন প্রধানমন্ত্রী।

সফরের শেষভাগে বিকাল ৪টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।