ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬ (2026), ১০:২৯ (10:29) এএম: ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা এবং দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশজুড়ে তিন মাস মেয়াদি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এই অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক পরিবর্তন নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলে মিলে যদি দেশ গড়ার কাজে হাত দেওয়া যায়, তবে কোনো বাধাই অগ্রযাত্রাকে রুখতে পারবে না। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন আনা সম্ভব। এবার আমাদের রাষ্ট্রকে পরিবর্তন করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, আগামী তিন মাস এই সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। শতভাগ সমাধান হয়তো রাতারাতি সম্ভব নয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় তিনি ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি’ স্লোগানটি স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার পেছনে সময় দিলে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আসবে।
যত্রতত্র ময়লা-আবর্বজনা ফেলা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে প্রতিটি নাগরিকেরই নিজস্ব দায়িত্ব ও ভূমিকা রয়েছে। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সেখানে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।

