ডেঙ্গু মোকাবিলায় নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিচ্ছন্নতার অভ্যাস নিজের পরিবার থেকেই শুরু করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরকেও এ বিষয়ে সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে। সাক্ষাৎকালে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে আন্তরিকভাবে কথা বলেন।
শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ে মনোযোগ দিলেই হবে না; সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অসহায় ও অবলা প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ না করে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী সংসদ অধিবেশন দেখতে সংসদ ভবনে এসেছিলেন। তাদের সঙ্গে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক এবং পরিচালনা কমিটির দুজন সদস্যও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ নিজেদের জীবনে অনুসরণ করার পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও এলাকার মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন।

