রোমে মেরামত শেষে আজ ঢাকায় ফিরছে বিমানের বিকল উড়োজাহাজ

কানাডার টরন্টো থেকে ঢাকায় আসার পথে ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির মুখে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি এখন উড্ডয়ন উপযোগী। শনিবার ঢাকা থেকে বিমানের একটি প্রকৌশল দল রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছায় এবং দীর্ঘ চেষ্টার পর উড়োজাহাজটির কারিগরি সমস্যার সমাধান করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্যানুযায়ী, শনিবার রাত সোয়া ১টার দিকে উড়োজাহাজটিকে ত্রুটিমুক্ত ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার ২৫৯ জন যাত্রী নিয়ে টরন্টো থেকে বিজি ৩০৫ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। শুক্রবার রোম এয়ারপোর্টে জ্বালানি সংগ্রহের সময় উড়োজাহাজটির কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ আট ঘণ্টা চেষ্টার পরও ত্রুটি সারাতে ব্যর্থ হওয়ায় ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের নামিয়ে নেওয়া হয় এবং তাদের হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা করা হয়।

প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশ নিয়ে প্রকৌশল টিম শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছানোর পর বিমানটি মেরামত সম্পন্ন হয়। ফ্লাইটটি রোববার ভোর ৩টার দিকে রোম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।