দেশের সাধারণ মানুষকে অভাবগ্রস্ত রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করার মাধ্যমে কেবল রাষ্ট্রকে শক্তিশালী করা সম্ভব। আর দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি মজবুত অবস্থানে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুটি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশের উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে। দেশীয় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে এবং সরকার তা স্বাগত জানায়, তবে এর পাশাপাশি দেশের নিজস্ব বিনিয়োগকারীদেরও সমানভাবে উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতি সহায়তা প্রয়োজন, তা দেওয়া হবে।
প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সরকারপ্রধান বলেন, উদ্যোক্তাদের যথাযথ সহযোগিতা করা গেলে একদিকে যেমন মানুষের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নত হবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিরও ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, "আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই, যেখানে সব মানুষ বর্তমান অবস্থার চেয়ে আরও ভালো থাকবে। এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।"
সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় একটি সুন্দর ও শক্তিশালী দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনটি পাটকলের দায়িত্ব নেওয়ায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ী গ্রুপকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, নতুন বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা। অনুষ্ঠানে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) ও লিজ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

