নেত্রকোনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে আটক ৩

নেত্রকোনায় পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং ১৫০ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নেত্রকোনা পৌরসভার কাটলী ব্রিজ এলাকায় ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় কাটলী ব্রিজের পূর্ব পাশে একটি মুদিদোকানের ভেতর থেকে অনলাইনে জুয়া খেলার সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কাটলী এলাকার তৌহিদ হাসান খান ওরফে রকিব (৪২) এবং মো. রিপুল উদ্দিন (২৪)। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১৩৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই দিন রাত ১০টা ২০ মিনিটে পূর্বধলা থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রাজিব মিয়া (৪০) নামের একজনকে আটক করে ডিবি পুলিশ। তিনি পূর্বধলা উপজেলার হাট বারেঙ্গা গ্রামের মৃত স্বপন মেম্বারের ছেলে। নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ওপর বসে অনলাইনে জুয়া খেলার সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১৪ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে। এ ঘটনায় পূর্বধলা থানায় পৃথক মামলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে শুক্রবার জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।