মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং জোরপূর্বক খালি স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন ওরফে টিটু (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আনোয়ার হোসেন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের নুর আলমের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে সাতটি মামলা রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পৌনে পাঁচটার দিকে হক ম্যানশনের চতুর্থ তলার ভাড়াটে নাঈমা আক্তারের (১৮) বাসায় তিনজন অস্ত্রধারী ব্যক্তি প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের পিস্তল ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় ভয়ভীতি প্রদর্শন করে পরিবারের সদস্যদের কাছ থেকে খালি স্ট্যাম্পে সই নেওয়া হয় এবং বাসা থেকে ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার সময় পরিবারের এক সদস্য মুঠোফোনে বিষয়টি সুধারাম মডেল থানায় জানান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ভবনটি ঘেরাও করে। সিঁড়ি দিয়ে নিচে নেমে পালানোর সময় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাঁর দেহ থেকে একটি বিদেশি পিস্তল, ৫টি গুলি, ৪০টি ইয়াবা ও ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি পালিয়ে যান। ভবনের নিচে তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে এবং পলাতক অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।