দেশের ২৭টি জেলার স্থানীয় সরকার বিভাগে নতুন উপ-পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ জন কর্মকর্তাকে এই গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যে জেলাগুলোতে নতুন উপ-পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো- নরসিংদী, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর।
বদলিকৃত এসব কর্মকর্তাকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে ওইদিন অপরাহ্নে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য করা হবে।

