জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে আজ শনিবার নাটোরের বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— ফজলিতলা, কালিকাপুর, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েমকোলা, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কুমরুল, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখপাড়া।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই উন্নয়নমূলক কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সমিতি কর্তৃপক্ষ।

