নাসিরনগরে সারের ডিলার হলেন এমপির ছেলে ও স্বজনেরা, ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সারের ডিলার নিয়োগে ব্যাপক স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে চরম অসন্তোষ তৈরি হয়েছে। গত শুক্রবার উপজেলায় সারের নতুন ডিলারদের তালিকা প্রকাশ করার পর দেখা যায়, স্থানীয় সংসদ সদস্যের ছেলে, আপন ভগ্নিপতি ও ভাগিনার স্ত্রীসহ বেশ কয়েকজন বিতর্কিত ব্যক্তি ডিলারশিপ পেয়েছেন। সরকারি নিয়ম উপেক্ষা করে স্বজনদের সুবিধা দেওয়া এবং দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও নতুন তালিকা সূত্রে জানা গেছে, নাসিরনগরের ১৩টি ইউনিয়নের জন্য মোট ১৩ জনকে নতুন সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, গোকর্ণ ইউনিয়নে ডিলার হওয়া মোহাম্মদ আদনান সাদী হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের ছেলে। এ ছাড়া সদর ইউনিয়নে নিয়োগ পাওয়া ডিলার আরক মিয়া এমপির আপন ভগ্নিপতি। এই আরক মিয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নাসিরনগর উপজেলা কমিটির সাবেক সভাপতি আসাদ চৌধুরীর আপন ভাই। আর গোয়ালনগর ইউনিয়নে ডিলারশিপ পাওয়া নুরুন্নাহা আক্তার হলেন সংসদ সদস্যের ভাগিনা শরীফুল ইসলামের স্ত্রী। শরীফ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়ালনগর থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে স্ত্রীর নামে এই ডিলারশিপ নিয়েছেন বলে বিএনপির নেতা-কর্মীরা জানান। নুরুন্নাহারের বাবা সাদেক মিয়া চাতলপাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তালিকা বিশ্লেষণ করে ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য ইউনিয়নে সারের ডিলার নিয়োগেও নানা রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব কাজ করেছে। চাতলপাড় ইউনিয়নে নিয়োগ পাওয়া মোসাম্মৎ শামীমা আক্তারের স্বামী আলমগীর হোসেন ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সৈয়দ এ কে একরামুজ্জামানের পক্ষে কাজ করার কারণে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত হন। বুড়িশ্বরে ডিলার হওয়া জসিম মিয়া সাবেক যুবলীগ কর্মী এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ওরফে দানার মিয়ার ভাগিনা। হরিপুর ইউনিয়নে ডিলার পাওয়া আরিফুল ইসলাম মূলতঃ ঢাকায় আসবাবপত্রের ব্যবসা করেন। ফান্দাউক ইউনিয়নে ডিলারশিপ বিজয়ী শারমীন আক্তারের স্বামী ফয়েজ আনসারি ইউনিয়ন যুবদলের সভাপতি, তবে দম্পতির কেউই সার ব্যবসার সঙ্গে জড়িত নন। অন্যদিকে কুন্ডা ইউনিয়নে ডিলার হওয়া রেনু মিয়া স্থানীয় যুবদল সভাপতি অনু মিয়ার ভাই, যার পূর্বের সারের ডিলারশিপ বাতিল করা হয়েছিল। এ ছাড়া ভলাকুটে ইয়াহিয়া খান, গোয়ালনগরে নুরুন্নাহার আক্তার, গুনিয়াউকে আব্দুর রহিম, চাপরতলায় ছাত্তার খা, পূর্বভাগে ইসমাইল মিয়া ও ধরমন্ডলে মহিবুর রহমান নতুন ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।

নতুন এই তালিকা প্রকাশের পরপরই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, সারের ডিলারে আওয়ামী লীগের দোসরদের যুক্ত করা হলে আওয়াজ তোলা প্রয়োজন এবং জড়িতদের বিরুদ্ধে প্রমাণ নিয়ে লেখা উচিত। গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ফেসবুকে মন্তব্য করেন, নাসিরনগরে সারের বা চাউলের ডিলার পেতে বিএনপির কর্মী হওয়ার দরকার পড়ে না, সঠিক জায়গায় তেল দিলেই হয়। উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্তত ২০ জন নেতা-কর্মী অভিযোগ করেন, দলের পরীক্ষিত কর্মীদের বঞ্চিত করে এমপির স্বজনদের সুযোগ দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদল ও বিএনপির চার নেতা জানান, টাকার বিনিময়ে এই ডিলারশিপ বণ্টন করা হয়েছে বলে তাঁরা শুনেছেন।

স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের সমস্ত অভিযোগ অবশ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান। তিনি জানান, সরকারি আইনকানুন ও নিয়ম অনুসরণ করেই তাঁর ছেলে, ভগ্নিপতি ও ভাগিনার স্ত্রী সার ডিলারের দায়িত্ব পেয়েছেন। উক্ত তিনটি ইউনিয়নে তাঁদের বাইরে অন্য কোনো যোগ্য প্রার্থী আবেদন করেননি উল্লেখ করে তিনি বলেন, মানুষ তো কথা বলবেই, তবে এসব অভিযোগ সত্য নয়। টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার বিষয়টিকে তিনি পুরোপুরি গুজব বলে উড়িয়ে দেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, একজন সারের ডিলারের ২৫ টন ধারণক্ষমতার গুদাম থাকতে হয়, যার দৈর্ঘ্য ২০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং উচ্চতা ১০ ফুট হওয়া বাধ্যতামূলক। তবে স্থানীয়দের অভিযোগ, নাসিরনগরে নতুন নিয়োগ পাওয়া অনেকেরই বাস্তবে এই মাপের গুদাম নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১০১টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার ১০৬টি ডিলারশিপের জন্য মোট ৮২৫টি আবেদন জমা পড়েছিল। জেলা সার ও বীজ মনিটরিং কমিটি প্রতিটি ইউনিয়নের জন্য অগ্রাধিকারভিত্তিতে ৩ জনের নাম সুপারিশ করে মোট ২৯২ জনের তালিকা কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটিতে পাঠায়।

সার্বিক বিষয়ে নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে তালিকা জেলায় পাঠানো হয়েছিল, সেখান থেকে কীভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তা তাঁর জানা নেই। অপরদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা এমরান বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে তাঁর নতুন কিছু বলার নেই, কারণ সংসদ সদস্যরা সার মনিটরিংয়ের প্রতিটি কমিটির উপদেষ্টার দায়িত্বে থাকেন।