ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন

ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে ভারতীয় শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন।

নওগাঁ ইয়ুথ ক্লাবের সভাপতি ও নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাহাদ হাসান আকাশের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রাহাদ হাসান আকাশ বলেন, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, একটি স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারের প্রতি সংহতি জানাতেই আমরা আজ এখানে সমবেত হয়েছি। তিনি ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাদের ওপর বলপ্রয়োগের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

বক্তব্যে বাংলাদেশ সরকারের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন এই শিক্ষার্থী প্রতিনিধি। তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান দুর্নীতি ও অনিয়ম দ্রুত দূর করে সংস্কারের তাগিদ দিয়ে বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে মেধা, সততা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে। উপমহাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, উপমহাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে বসন্তের সূচনা হয়েছে এবং বর্তমান আন্দোলনগুলো তারই ধারাবাহিকতা।

কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি, মানতে হবে, মানতে হবে’, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা, নিশ্চিত করো, করতে হবে’, ‘শিক্ষার্থীর ওপর সহিংসতা, বন্ধ করো, করতে হবে’ এবং ‘জাস্টিস ফর ইন্ডিয়ান স্টুডেন্টস’ স্লোগানগুলো প্রতিধ্বনিত হয়। এছাড়া শিক্ষার্থীদের হাতে ‘উই স্ট্যান্ড উইথ ইন্ডিয়ান স্টুডেন্টস’ এবং ‘পলিটেকনিকের শিক্ষার্থীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনকারীদের প্রতি সংহতি’ লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার আগে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে গণতান্ত্রিক ও অহিংস আন্দোলনের প্রতি পুনরায় সমর্থন জানান।