চিকিৎসককে মারধর ও চাঁদাবাজি: ছাত্রদল নেতা প্রতীক বহিষ্কার

ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশের গলিতে অবস্থিত ‘ডক্টরস পেট কেয়ার’ নামের একটি পশু চিকিৎসাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়ার পর এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান শনিবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দাবিকৃত টাকা না পেয়ে তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি, সাকিবসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন তার চেম্বারে হামলা চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা দিয়ে চিকিৎসককে মারধর করছেন। এ সময় ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীক ঘটনাটি নিজ মুঠোফোনে ধারণ করছিলেন এবং এক পর্যায়ে তিনিও ভুক্তভোগী চিকিৎসকের ওপর চড়াও হয়ে তাকে কিল-ঘুষি মারেন।

অভিযোগে আশিকুর রহমান আরও উল্লেখ করেন, হামলাকারীরা সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে দোকানের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয়। হামলাকারীরা চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা লুট করে এবং প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ এবং চাঁদাবাজির জেরে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।