ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন (৪৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনার দুই দিন পর পুলিশ এর রহস্য উদ্ঘাটন করেছে। বনানী থানা-পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে, বাসে যাত্রীর কাছে থাকা টাকা দেখে তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন বাসের চালক ও তার সহযোগীরা। এ ঘটনায় বাসচালকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক সোহেল রানা (৪১), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) এবং সহকারী (হেলপার) মো. মনির হোসেন (১৯)। পুলিশ তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দুটি গামছা, রক্তমাখা দুটি আসনের কভার, একটি মুঠোফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাসটি জব্দ করেছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, গত ৪ সেপ্টেম্বর সকাল পৌনে নয়টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহটি উদ্ধারের সময় তার মুখ ও দুই হাত স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল এবং গলায় কালো দাগ ছিল। তথ্যপ্রযুক্তি ও হাতের আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের পর নিহতের ছেলে বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
তদন্তে জানা যায়, ইসমাইল জামালপুর থেকে গাজীপুরে আসছিলেন এবং জমি বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা তার সঙ্গে ছিল। বাসে ভাড়া দেওয়ার সময় লুঙ্গির কোচর থেকে টাকা বের করতে দেখলে সুপারভাইজার সাজু বিষয়টি চালক সোহেলকে জানান। এরপর তারা ইসমাইলকে হত্যার পরিকল্পনা করেন। গাজীপুরে না নামিয়ে অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে তারা ইসমাইলকে আটকে ফেলেন। এরপর সাজু ও মনির মিলে তাকে স্কচটেপ দিয়ে বেঁধে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে তারা মহাখালী বাস টার্মিনালে চলে যান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে। বাসচালক সোহেলের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

