উত্তাল সাগরে মুমূর্ষু মাকে নিয়ে সন্তানের জীবনবাজি রেখে ভ্রমণ

সন্দ্বীপের তালতলী বাজার এলাকার বাসিন্দা ৮০ বছর বয়সী রওশন আরা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। শনিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। রোববার সকালে তাকে স্থানীয় সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রামে স্থানান্তরের পরামর্শ দেন।

মুমূর্ষু মাকে নিয়ে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের পথে সন্তানের এমন অসহায় যাত্রার একটি ভিডিও রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, সাগরের উত্তাল ঢেউ আর প্রবল বৃষ্টির মধ্যে স্পিডবোটের যাত্রীদের সঙ্গে কোনো বিশেষ সুবিধা ছাড়াই ওই বৃদ্ধাকে নিয়ে যাত্রা করা হচ্ছে। প্রবল বৃষ্টি থেকে বাঁচাতে তার শরীরের ওপর একটি সাদা পলিথিন দেওয়া হয়েছে, মুখে অক্সিজেনের নল এবং হাতে ধরা অক্সিজেন সিলিন্ডার।

ভুক্তভোগী রওশন আরার ছেলে জাহাঙ্গীর জানান, জরুরি রোগী পারাপারের কোনো বিশেষ ব্যবস্থা না থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়েই সাধারণ যাত্রীদের সঙ্গে জনপ্রতি ৩০০ টাকা ভাড়ায় স্পিডবোটে উঠতে বাধ্য হয়েছেন। সকাল ১০টায় সন্দ্বীপ থেকে রওনা দিয়ে দুপুর ২টায় তারা চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মাকে ভর্তি করান। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, অবস্থার কিছুটা উন্নতি হলেও মা এখনো শঙ্কামুক্ত নন।

এ ঘটনায় মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসা ও স্থানান্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেয়েছে। দ্বীপ উপজেলা সন্দ্বীপে রোগীদের জন্য দুটি সি-অ্যাম্বুলেন্স বরাদ্দ থাকলেও সেগুলো বছরের পর বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের তথ্যমতে, ২০০৮ সালে আনা একটি অ্যাম্বুলেন্স গুপ্তছড়া ঘাটের কেওড়া বাগানে এবং ২০১৫ সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দেওয়া অন্যটি হারামিয়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস জানান, দীর্ঘদিনের অচল ওই অ্যাম্বুলেন্সগুলোর পরিবর্তে নতুন একটি সি-অ্যাম্বুলেন্সের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো কোনো সাড়া মেলেনি।