নৈরাজ্য ঠেকাতে বিএনপি কর্মীরাই যথেষ্ট বললেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম নগরীর লালখান বাজারে নতুন নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশজুড়ে আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করার জন্য বিএনপি কর্মীরাই যথেষ্ট। শনিবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, রাজপথে বিশৃঙ্খলার ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না। আন্দোলন ও সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সর্ব্বোচ্চ জনমতে সরকার গঠন করে দলটি সংসদে গিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণই এই সরকারের মূল শক্তি। ৭১ ও ২৪-এর পরাজিত অপশক্তি ফের সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাদের তা হতে দেওয়া হবে না। নিজ দলের শক্ত অবস্থান তুলে ধরে মীর হেলাল মন্তব্য করেন, তারা যা করতে চাচ্ছেন সেই কাজের 'ভাইস চ্যান্সেলর' অনেক পরীক্ষিত কর্মী বিএনপির রয়েছে, তাই ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

দেশের সামগ্রিক উন্নয়নচিত্র তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি উন্নয়ন প্রকল্পের গতিও বেড়েছে। বর্তমান সরকার জনগণের সেবক হিসেবে কাজ করছে এবং প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নেই বেশি নজর দিচ্ছে। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্রান্তে না জড়িয়ে সরকার শুরু করা উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হতে হবে। চট্টগ্রামে কোনো রাষ্ট্রবিরোধী চক্রান্ত হলে তা প্রতিহত করতে প্রশাসনেরও প্রয়োজন হবে না, দলীয় কর্মীরাই বিশৃঙ্খলাকারীদের মোকাবিলা করতে যথেষ্ট।

লালখান বাজারের নবনির্মিত ফুটওভার ব্রিজটি সম্পর্কে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বহু দুর্ঘটনা ও প্রাণহানির কারণে এই স্থানে ব্রিজ নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। তিনি নিজেও একসময় এই ব্রিজের দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছিলেন। অবশেষে সিডিএ’র মাধ্যমে দ্রুততার সঙ্গে ব্রিজটি নির্মাণ সম্পন্ন হওয়ায় লালখান বাজারবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।

উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের আওতায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে সিডিএ এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে। ১৮ ফিট উঁচু ও ৪২ মিটার দীর্ঘ এই ব্রিজে আট ফিট চওড়া চারটি সিঁড়ি রাখা হয়েছে। সিডিএ’র প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান জানান, ব্রিজটির নির্মাণকাজ শেষ করতে আট মাস সময় লেগেছে। মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক এডভোকেট আব্দুস সাত্তার এবং সিডিএ সচিব নূরে জান্নাত রুমী। এতে সিডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।