নরসিংদীর শিবপুরে মৃদু ভূমিকম্পের আঘাত

দেশে মৃদু একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলোও জানিয়েছে, কম্পনটি মৃদু হওয়ায় সাধারণ মানুষ তা সেভাবে টের পাননি।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, নরসিংদীর এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের অন্তত ৩৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। এনসিএসের তথ্যের ভিত্তিতে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, বাংলাদেশ সময় বেলা ১২টা ১৫ মিনিট ২৭ সেকেন্ডে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এটি নরসিংদী থেকে ১৬ কিলোমিটার উত্তরে আঘাত হানে।

তবে এদিন সারা বিশ্বে ৪০টির বেশি ভূমিকম্প রেকর্ড করলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) নরসিংদীর এই ভূমিকম্পটি রেকর্ড করেনি। এর আগে চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীর শিবপুরেই ৩ মাত্রার মৃদু একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।